এটিভি অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে দীর্ঘদিনের প্রশাসনিক কার্যক্রম। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের বিভিন্ন অংশ নষ্ট হয়ে পড়েছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি নাগরিক সেবা নিতে আসা সাধারণ মানুষও রয়েছেন ঝুঁকিতে।
সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদ ভবনের টিনের চালের বিভিন্ন অংশে মরিচা ধরেছে ও কোথাও কোথাও টিন আলগা হয়ে গেছে। দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, রং উঠে গেছে। বৃষ্টির সময় ভবনের বিভিন্ন স্থান দিয়ে পানি পড়ে। এতে দাপ্তরিক কাজে বিঘ্নের পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রতিদিন জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন নাগরিক সেবা নিতে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে মানুষ পরিষদে আসেন। এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও গ্রাম আদালতসহ বিভিন্ন সরকারি কার্যক্রমও এখান থেকেই পরিচালিত হয়। ফলে জরাজীর্ণ ভবনে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সেবাগ্রহীতারা।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভবনটি সংস্কার ও আধুনিকায়নের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ভবনের কোনো অংশের পলেস্তারা বা টিন ভেঙে পড়ে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের নামে তালজাঙ্গা মৌজায় বিআরএস ১ নম্বর খতিয়ানের ৭২০ দাগে ১০ শতাংশ ভূমি রয়েছে। নিজস্ব জায়গা থাকার পরও সেখানে নতুন ভবন নির্মাণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আল আমিন ভূঁইয়া বলেন, ভবনটির অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিদিন অনেক মানুষ বিভিন্ন সেবা নিতে এখানে আসেন। তাই দ্রুত আধুনিক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ অথবা বর্তমান ভবনটি জরুরি ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, পরিষদের নামে থাকা ১০ শতাংশ ভূমি ব্যবহার করে দ্রুত একটি আধুনিক, নিরাপদ ও সেবাবান্ধব ভবন নির্মাণ করা হোক। নতুন ভবন নির্মাণে সময় লাগলে অন্তত বর্তমান ভবনটি জরুরি ভিত্তিতে সংস্কার করে কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।তালজাঙ্গা ইউনিয়নে প্রায় ২০ হাজার মানুষের বসবাস। রয়েছে ১৯টি মৌজা ও ২১টি গ্রাম। এত বিপুলসংখ্যক মানুষের নাগরিক সেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র হলেও ইউনিয়ন পরিষদ ভবনের এমন বেহাল দশা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
তাদের প্রত্যাশা, জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের জন্য একটি আধুনিক ও নিরাপদ ভবন নির্মাণ করবে।
