উন্নত চিকিৎসায় সহায়তার আবেদন
মোঃ নাদিরুজ্জামান আজমল

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া গ্রামের ১০ বছরের শিশু সৃষ্টি আক্তার গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। দীর্ঘদিন প্রয়োজনীয় চিকিৎসা ও যত্নের অভাবে তার মাথায় পচন ধরে গেছে। ক্ষতস্থানে পোকা ধরায় প্রাথমিক চিকিৎসার পর ৪২টি পোকা বের করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সৃষ্টি আক্তার কাজীপাড়া গ্রামের রুস্তম মিয়ার মেয়ে। তার মায়ের নাম রতনা বেগম। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটির বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। তার মাথার ক্ষতস্থানে পচন ধরে যাওয়ার পাশাপাশি পোকা সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে ক্ষতস্থান থেকে ৪২টি পোকা বের করা হলেও শিশুটির উন্নত চিকিৎসা প্রয়োজন।
পরিবার সূত্রে জানা যায়, আর্থিক অসচ্ছলতার কারণে শিশুটির যথাযথ চিকিৎসা করানো সম্ভব হয়নি। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য উল্লেখযোগ্য অর্থের প্রয়োজন হলেও পরিবারের পক্ষে সেই ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।
শিশুটির স্বজনরা জানান, দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না গেলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে। তাই শিশুটির চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবিক মানুষদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন তারা।
এ অবস্থায় অসহায় শিশু সৃষ্টি আক্তারের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের প্রতি মানবিক আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা। সামান্য সহযোগিতাও শিশুটির চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তারা আশাবাদী।
শিশুটির চিকিৎসায় সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বজনরা।
