নাদিরুজ্জামান আজমল

কিশোরগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী কাজী রেহা কবির সিগমার নির্বাচনী প্রচারণায় আবারও বাধা ও হামলার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে।
শুক্রবার সন্ধ্যায় মিঠামইন উপজেলার বৈরাটি বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, এ সময় বিএনপির উশৃঙ্খল কর্মীরা মিছিল নিয়ে এসে উস্কানিমূলক স্লোগান দিতে থাকেন। পরে কয়েকজন কর্মী মোটরসাইকেল নিয়ে প্রচারণা বহরের সামনে এসে অস্ত্র প্রদর্শনসহ মহড়া দেন এবং ইট-পাটকেল নিক্ষেপ করেন।
এতে কাজী রেহা কবির সিগমার নির্বাচনী প্রচারণা টিমের নারী ও পুরুষসহ বেশ কয়েকজন কর্মী আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কাটখাল পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্যদের সহায়তায় কাজী রেহা কবির সিগমা ও তার প্রচারণা দল নিরাপদে এলাকা ত্যাগ করেন।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই কাজী রেহা কবির সিগমার নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার ঘটনা ঘটছে। গত মঙ্গলবার কলমা ইউনিয়নের শিবলা এলাকায় গণসংযোগ চলাকালে নারী কর্মীদেরসহ হামলার শিকার হন তিনি। এর আগের দিন বৃহস্পতিবার ইটনা উপজেলায় তার কর্মীদের প্রচারণায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এদিকে নির্বাচনী প্রচারণায় অব্যাহত বাধা, হুমকি ও হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন,
“আপনাদের উশৃঙ্খল কর্মীরা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানও ক্ষুণ্ন হচ্ছে।”
তিনি কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের প্রতিও আহ্বান জানিয়ে বলেন,
“আপনার কর্মীদের সংযমী হতে বলুন। একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করুন।”
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

যারা এমন করতেছে এটা ঠিক করতেছে না এতে ভোট নষ্ট হবে