কিশোরগঞ্জ প্রতিনিধি:

‘দক্ষ যুবক গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কিশোরগঞ্জেও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের কালীবাড়ি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

যুব উন্নয়ন অধিদপ্তর, কিশোরগঞ্জের উপপরিচালক মো. রফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিক উল্লাহ, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল করিম এবং কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা।
এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বিপুল যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা গেলে বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতির অগ্রযাত্রা আরও বেগবান হবে। শুধু চাকরির প্রত্যাশায় বসে না থেকে যুবকদের কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আত্মকর্মসংস্থানে এগিয়ে আসতে হবে।
প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি দেশের উন্নয়নেও ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।অনুষ্ঠানের শেষপর্বে প্রশিক্ষণার্থীদের মধ্যে মোট দেড় লাখ টাকার দুটি ঋণের চেক এবং প্রশিক্ষণ সম্পন্নকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
