আসছে সরাসরি ১০ হাজার কনস্টেবল ও ৪০০০ এসআই নিয়োগ বিজ্ঞপ্তি, বিশেষ বিসিএস (পুলিশ) হবে ৫২ তম

অনলাইন ডেস্ক

বাংলাদেশ পুলিশে বড় নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। বাহিনীতে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার উপপরিদর্শক (এসআই) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে। পাশাপাশি সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে নিয়োগের জন্য বিশেষ বিসিএস আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, পুলিশ বাহিনীর জনবল সংকট নিরসন এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করতে এ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কনস্টেবল ও এসআই পদে পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

অন্যদিকে, এএসপি পদে নিয়োগের ক্ষেত্রে বিশেষ বিসিএসের মাধ্যমে কর্মকর্তা নিয়োগের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময়সূচি, যোগ্যতা ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হতে পারে। গত সপ্তাহে সচিব কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। 

সংশোধিত পুলিশ প্রবিধান অনুযায়ী, এত দিন এসআই পদের ৫০ শতাংশ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হতো। সে হিসাবে এবার ৪ হাজার এসআই পদের মধ্যে ২ হাজার পদে বিভাগীয় পদোন্নতি এবং বাকি ২ হাজার পদে সরাসরি নিয়োগ দেওয়ার কথা ছিল। 

তবে সংশোধিত বিধান অনুযায়ী, এবার বিভাগীয় পদোন্নতির মাধ্যমে কোনো পদ পূরণ না করে পুরো ৪ হাজার পদেই সরাসরি নিয়োগ দেওয়া হবে। ফলে পুলিশের ইতিহাসে এই প্রথম এসআই পদের সবগুলোতে সরাসরি নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি কনস্টেবল পদে ১০ হাজার নতুন নিয়োগ দেওয়া হবে। ভায় এসআই ও কনস্টেবল মিলিয়ে পুলিশে মোট ১৪ হাজার নতুন জনবল নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সূত্র বলছে, পুলিশের জন্য ১৪ হাজার নতুন পদ সৃষ্টির প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পর বুধবার প্রস্তাবটি প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়।

১৪টি মন্ত্রণালয়ের সচিবদের সমন্বয়ে গঠিত এ কমিটি সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করে। মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন সরকারি দপ্তরে নতুন পদ সৃষ্টির প্রস্তাব পর্যালোচনা ও অনুমোদন দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমে জানান, ১৪ হাজার পদে নিয়োগ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ করা হবে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআই পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া কনস্টেবল পদে ১০ হাজার নতুন নিয়োগ হবে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এসব পদ নতুন সৃজন করা হয়েছে। সরাসরি নিয়োগের সুবিধার্থে পুলিশ প্রবিধান সংশোধন করা হয়েছে। তবে এবারই একবারের জন্য এভাবে সরাসরি নিয়োগ দেওয়া হচ্ছে। অবশ্য সরকার প্রয়োজন মনে করলে ভবিষ্যতেও সরাসরি নিয়োগ দিতে পারবে।

পুলিশের এএসপি পদে জনবল সংকট পূরণে বিশেষ বিসিএস নেওয়ার উদ্যোগ রয়েছে সরকারের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, সম্ভাব্য ৫২তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৪০০ থেকে ৫০০ জন সহকারী পুলিশ সুপার নিয়োগ দেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *