গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে খুলনা থেকে ঢাকায় যাওয়ার ডাক দেওয়া হলে গ্রাম-বাংলার মানুষকে সঙ্গে নিয়ে ঢাকায় যেতে হবে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে খুলনার শিববাড়ি মোড়ে ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবিতে আয়োজিত লংমার্চের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের দাবিগুলো কোনো দলীয় বা নির্বাচনী দাবি নয়, বরং দেশের প্রত্যেক নাগরিকের দাবি। জুলাই গণহত্যাসহ গত সাড়ে ১৫ বছরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, চাঁদাবাজি বন্ধ, অর্থ পাচার রোধ এবং কৃষকের জন্য সারের নিশ্চয়তাসহ বিভিন্ন দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন বলে উল্লেখ করেন তিনি।

সরকারের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর গণভোটের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন কার্ড বিতরণের প্রচার চালানো হলেও সাধারণ মানুষ প্রকৃতপক্ষে এর সুফল পাচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুতের বিলের মাধ্যমে জনগণের ওপর বাড়তি চাপ তৈরির অভিযোগও করেন তিনি।

কৃষকের সার সংকটের প্রসঙ্গ তুলে ধরে জামায়াতের আমির বলেন, কৃষকের প্রয়োজন অনুযায়ী সার নিশ্চিত করতে হবে। নিয়োগ ও বিভিন্ন ক্ষেত্রে ঘুষ-বাণিজ্যের অভিযোগ তুলে ধরে তিনি এসব অনিয়ম বন্ধের দাবি জানান।

তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্য শুধু নিজেদের বিজয় চায় না, তারা দেশের প্রতিটি নাগরিকের বিজয় ও মুক্তি চায়। শোষণমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জাতির সঙ্গে বেইমানি না করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না এবং ন্যায়সংগত দাবি আদায়ের প্রশ্নে কোনো আপস করবেন না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন কারী হাবিবুল্লাহ বেলালী। সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শনিবার সকালে শুরু হয়। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, লংমার্চে এক হাজারেরও বেশি যানবাহন অংশ নিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে খুলনার শিববাড়ি মোড়ে আয়োজিত সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *