ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৪০ লাখ ৩৪ হাজার টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

​শনিবার (৩১ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. শরিফুল ইসলাম (এএসসি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি ও গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে ৬০ বিজিবির অধীনস্থ বিভিন্ন বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে। এর মধ্যে মাদলা বিওপি, মইনপুর বিওপি, সালদানদী বিওপি এবং শংকুচাইল বিওপিসহ সীমান্তবর্তী অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালানো হয়।

​অভিযানকালে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল আটক করা হয়। জব্দকৃত এসব পণ্যের মোট বাজারমূল্য ৪০ লাখ ৩৪ হাজার টাকা বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

​এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মো. শরিফুল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে বিজিবির এমন অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় মালামাল বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *