তাড়াইলের কাইকনা বিলে পদ্ম ফুলের নয়নাভিরাম দৃশ্য

আল-মামুন খান,তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইলের কাইকনা বিলে ফুটন্ত পদ্ম ফুলের মনোরম দৃশ্য দেখতে জনতার ভীড় জমছে।

জানা যায়, জেলার তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের দড়িজাহাঙ্গীরপুর জয় বাংলা বাজারেরদক্ষিণ দিকে রয়েছে কাইকনা বিলটি। তাড়াইল উপজেলার ঘোষপাড়া, দেওথান ও করিমগঞ্জ উপজেলার করুমশি গ্রামের মাঝামাঝি স্হানে অবস্থিত।

সরেজমিনে দেখা যায়, প্রতি বছর বর্ষা মৌসুমে কাইকনা বিলে পদ্ম ফুলের বিশাল সমাহার৷ বিল জুড়ে ফুটন্ত পদ্মফুল গুলো সৌন্দর্যের পূর্ণতা নিয়ে হাতছানি দিয়ে ডাকছে৷ বিকালে পদ্ম ফুলের দৃশ্যটি এক মনমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে৷ হাজার হাজার পদ্মফুল ঝলমল করে উঠে সারা বিল জুড়ে৷ দূূর থেকে দেখে মনে হয় যেন সাজানো-গোছানো এক ফুলের বাগান৷

আরো দেখা যায়, কাইকনা বিলের পদ্মফুল এবং পদ্মপাতা গুলো মানুষের মন জুড়ে প্রভাব বিস্তার করছে৷ বিলের বর্তমান দৃশ্যটি মানুষের মনে দাগ কাটছে। কাছে গিয়ে কাইকনা বিলের পদ্মফুল ও তার পাতাগুলো স্পর্শ করলে মনে হয় যেন সৌন্দর্যের লীলাভূমিতে প্রবেশ করেছি। বিলের পদ্মফুলগুলো আশপাশের পরিবেশটাকে আকর্ষণীয় করে তুলেছে। সাদা-লাল রঙের পদ্ম ফুলের মাঝে সবুজ রঙের পদ্ম পাতাগুলো যেন পরিবেশটাকে শীতল করে তুলেছে৷ নৌকা দিয়ে কাইকনা বিলের মাঝে প্রবেশ করার পর মনে হবে যেন কোনো এক সৌন্দর্যের লীলাভূমিতে অবস্থান করছি৷

এলাকার স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, এই বিলটিতে বর্ষাকালে হাজার হাজার পদ্মফুল ফোটে৷ সকাল থেকে বিকাল পর্যন্ত অনেক লোকের জনসমাগম হয় এই কাইকনা বিলে পদ্মফুল দেখার জন্য৷ নৌকা দিয়ে বিলটি ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে। দূরদূরান্ত থেকে ভ্রমণ পিপাসুদের আসার ব্যবস্থা হল, কিশোরগঞ্জ থেকে নীলগঞ্জ বাজার বায়া সিএনজি বা অটো যোগে সরাসরি দড়িজাহাঙ্গীরপুর কাইকনা বিলে আসা যাবে৷ তাড়াইল উপজেলা থেকেও অটো দিয়ে আসা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *