অষ্টগ্রামে কথিত ‘মাদক সম্রাট’ বাবু ২৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

এটিভি অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ২৪ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ আবু তাহের ওরফে বাবু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয়ভাবে তাকে ‘মাদক সম্রাট’ হিসেবে অভিহিত করা হয়ে থাকে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেটের সামনে মেসার্স ইয়ানুর এন্টারপ্রাইজ নামের একটি কনফেকশনারি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অষ্টগ্রাম থানা সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ রুকনুজ্জামান, অফিসার ইনচার্জ (ওসি), অষ্টগ্রাম থানার নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় আবু তাহের ওরফে বাবুর হেফাজত থেকে গোলাপি রঙের কথিত ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আবু তাহের ওরফে বাবু অষ্টগ্রাম উপজেলার খাঁন ঠাকুর দিঘিরপার গ্রামের মোঃ গিয়াস উদ্দিন ও মোছাঃ জোবেদা খাতুনের ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটির এফআইআর নং-১৬, তারিখ ২৮ আগস্ট ২০২৬ এবং জিআর নং-১১৩, তারিখ ২৮ আগস্ট ২০২৬।মামলা দায়েরের পর গ্রেপ্তার আবু তাহের ওরফে বাবুকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *