মোঃ নাদিরুজ্জামান আজমল

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় দীর্ঘস্থায়ী লোডশেডিংকে কেন্দ্র করে জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, দিনে প্রায় ১৮ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। অল্প সময়ের জন্য বিদ্যুৎ এলেও কিছুক্ষণের মধ্যেই আবার দীর্ঘ সময়ের জন্য সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে।
এতে জনজীবন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও দৈনন্দিন কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানান, প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছেন না, ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন এবং বিদ্যুৎনির্ভর বিভিন্ন কাজও ব্যাহত হচ্ছে। ঘন ঘন ও দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে মানুষের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে।
একাধিক গ্রাহক অভিযোগ করেন, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে তারা শান্তিপূর্ণভাবে সড়কে নেমে প্রতিবাদ কর্মসূচি পালন করতে পারেন। তাদের দাবি, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা এবং লোডশেডিং কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ বিষয়ে অষ্টগ্রাম বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত বিদ্যুৎ বরাদ্দ না পাওয়ায় চাহিদা অনুযায়ী সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে এলাকাভিত্তিক লোডশেডিং করা হচ্ছে। বরাদ্দ বৃদ্ধি পেলে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, দীর্ঘদিনের এ সংকটে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন অষ্টগ্রামবাসী।
