অষ্টগ্রামে পুকুরে পড়ে ১৯ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ নাদিরুজ্জামান আজমল

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাড়ির পাশের পুকুরে পড়ে রিয়ান খান নামে ১৯ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার দেওঘর ইউনিয়নের সাভিয়ানগর গ্রামের খান বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত রিয়ান খান ওই গ্রামের মোহাম্মদ জরিপ খান ও রুহেনা আক্তারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বাড়ির পাশে থাকার সময় পরিবারের সদস্যদের অগোচরে শিশু রিয়ান খান পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।

পরে দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য অষ্টগ্রাম উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাত্র ১৯ মাস বয়সী শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন শিশুটির বাবা-মাসহ স্বজনরা।এ ঘটনায় এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *