অষ্টগ্রাম প্রতিনিধি:

কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোঃ হাফিজুল্লাহ হিরার উদ্যোগে অষ্টগ্রামে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে অষ্টগ্রাম বড়বাজার থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র্যালীতে হাজারো মানুষের ঢল নামে। র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জামতলী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে হাফিজুল্লাহ হিরা বলেন, “অষ্টগ্রাম-ইটনা-মিঠামইনসহ কিশোরগঞ্জ-৪ আসনের জনগণকে সাথে নিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “এই হাওর অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে সঠিক সুযোগ না পাওয়ায় এখানকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। যদি আপনাদের সমর্থন ও দোয়া পাই, তাহলে জনগণের পাশে থেকে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করব।”
পথসভায় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় অংশ নেন। এলাকাবাসীর অংশগ্রহণে পুরো অষ্টগ্রাম বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
