নিজস্ব প্রতিনিধি:

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হঠাৎ ৩৩ কে.ভি. মেইন লাইনে ত্রুটি দেখা দেওয়ায় এ সংকটের সৃষ্টি হয়।
বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, মেইন লাইনে সমস্যা চিহ্নিত করার কাজ চলছে। কর্মীরা দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করলেও বিদ্যুৎ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।
হঠাৎ করে বিদ্যুৎ না থাকায় তিন উপজেলার সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে গরমে শিশু ও বৃদ্ধরা বেশি ভোগান্তি পোহাচ্ছেন। অন্যদিকে ব্যবসা-বাণিজ্যেও পড়েছে নেতিবাচক প্রভাব।
স্থানীয় ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, “বিদ্যুৎ না থাকায় দোকানের ফ্রিজ বন্ধ হয়ে গেছে, পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রায়ই এমন সমস্যা হচ্ছে, কিন্তু স্থায়ী সমাধান নেই।”
অন্যদিকে শিক্ষার্থী মেহেদী হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের অনলাইন ক্লাস ও পড়াশোনায় সমস্যা হচ্ছে। আগে থেকে জানানো হলেও হয়তো আমরা প্রস্তুত থাকতে পারতাম।”
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা জানান, “আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যত দ্রুত সম্ভব মেরামত করে বিদ্যুৎ চালু করার। আশা করছি শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।”
