নিজস্ব প্রতিবেদক:

মাদক, জুয়া ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অষ্টগ্রামে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ আগস্ট) সন্ধ্যায় সদর ইউনিয়নের আলম দিঘীর পাড় এলাকায় এ সভার আয়োজন করে অষ্টগ্রাম থানা পুলিশ।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, যুবসমাজ, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন মাদক, জুয়া ও নারীদের প্রতি সহিংস আচরণ রোধে সচেতন সমাজ গঠনের উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুধু পুলিশ নয়, সমাজের সকল স্তরের মানুষ এগিয়ে এলে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ করা সম্ভব।”
সভায় বক্তারা বলেন, এসব অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পরিবারকেও সচেতন ভূমিকা রাখতে হবে। একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় মঞ্চ থেকেও এ বিষয়ে বার্তা পৌঁছে দিতে হবে।
এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা জানান, নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হলে সমাজে ইতিবাচক প্রভাব পড়বে।
