গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের ব্যস্ততম এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যার পর চান্দনা চৌরাস্তা এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা।

নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিক মহলে তার সততা ও সাহসিকতার জন্য পরিচিত ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মসজিদ মার্কেটের সামনে এক নারীর ওপর ছিনতাইয়ের ঘটনা ঘটলে তা ভিডিওতে ধারণ করেন তুহিন। ধারণা করা হচ্ছে, ওই ঘটনার জেরেই ক্ষিপ্ত হয়ে পড়ে ছিনতাইকারী চক্রটি। একপর্যায়ে তুহিনকে অনুসরণ করে পাশের একটি মার্কেটের সামনে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

এই নির্মম হত্যাকাণ্ডে সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। অনেকে বলছেন, এটি শুধু একজন সাংবাদিকের প্রাণনাশ নয়—এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষার ওপর সরাসরি আঘাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *