নওগাঁয় হত্যা মামলায় ২২ বছর পর তিন আসামির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি নওগাঁ:

নওগাঁর পোরশা উপজেলার কালাইবাড়ী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ২০০৩ সালে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ২২ বছর পর আদালত রায় ঘোষণা করেছেন। রায়ে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে খালাস দেওয়া হয়েছে।

‎বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন: আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিক (পলাতক), কাদির ওরফে কাদের ও আমির আলী ওরফে আমির।

বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তরা হলেন: দুরুল হুদা (পলাতক), সেমাজুল ইসলাম, তরিকুল ইসলাম, আবুল কাশেম, রেজাউল করিম, ওয়াজেদ আলী, আবুল কালাম ও আলিম ওরফে আলম।

এ মামলায় খালাস পেয়েছেন: রফিকুল ইসলাম ওরফে রফিক, কহিনুর বেগম, মরিয়ম বিবি ও কমেলা বেগম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৩ সালের ৩০ আগস্ট সকালে কালাইবাড়ী গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্র (লাঠি, হাসুয়া, ফালা) নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে শফিকুল, মিজানুর, সেরিনা, বইফুল ও নার্গিস সুলতানা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় শফিকুল, সেরিনা ও নার্গিসকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

‎ঘটনার পর সামাদ নামে এক ব্যক্তি পোরশা থানায় ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশের পক্ষ থেকে ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার বিচার চলাকালীন সময়ে আসামি সায়েদা মারা যান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত কৌঁসুলি অ্যাডভোকেট সাব্বির আহম্মেদ। আসামিপক্ষের পক্ষে ছিলেন অ্যাডভোকেট অমরেন্দ্র নাথ ঘোষ, সঞ্জীব সরকার ও নাজমুন নাহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *