রবিন্দ্র সরকার রিপন, গঙ্গাচড়া, (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের ফলে সৃষ্ট গভীর গর্ত থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ডাঙ্গী পাইকান গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পাইকান ডাঙ্গী গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুর রহমান ওরফে রোমান (৮) এবং নগরবন্দ পাইকান গ্রামের জাকিরুল ইসলামের ছেলে মারুফ (৭) মঙ্গলবার সকাল ১০টা থেকে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাদের খোঁজ না পেয়ে সন্দেহ হয় যে, তারা হয়তো অবৈধভাবে বালু উত্তোলনের জন্য খনন করা গর্তে পড়ে গেছে।

আইয়ুব আলীর জমিতে আজহারুল ইসলাম নামের এক ব্যক্তি অনুমতি ছাড়াই বালু উত্তোলন করছিলেন বলে জানা গেছে। তার তৈরি করা গভীর গর্তটি পানিতে পূর্ণ ছিল। স্থানীয়দের সন্দেহ হলে তারা সেখানে অনুসন্ধান শুরু করেন এবং পরে ফায়ার সার্ভিসকে খবর দেন।
ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা পানিতে ভেসে থাকা রোমানের মরদেহ উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আরও অনুসন্ধান চালিয়ে একই গর্ত থেকে মারুফের মরদেহ উদ্ধার করেন।
পরে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গঙ্গাচড়া থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার জানান, শিশুদের মৃত্যুর ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
