‎অষ্টগ্রামে জমি নিয়ে সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত

এটিভি অনলাইন ডেক্স:

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

‎ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে, উপজেলার দেওঘর ইউনিয়নের পাওন (সদয়নগর) গ্রামে।

‎আহতরা হলেন—স্থানীয় হাবিবুর রহমানের ছেলে নুরু মিয়া (৫৫), আতিম ভূঁইয়ার ছেলে আবু তাহের (৪০), তাহেরের স্ত্রী মোছা. আলমিনা আক্তার (৩৫) এবং নুরু মিয়ার স্ত্রী মোছা. আনোয়ারা খাতুন (৬৫)। নুরু মিয়া ও আবু তাহেরের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত ঢাকায় পাঠানো হয়।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে পাওন গ্রামের মহিল মোল্লা ও ফালান মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল আহত পরিবারের। এই বিরোধের জের ধরে বিকেলে দেশীয় অস্ত্রসহ ১০-১২ জনের একটি দল হামলা চালায়। তারা বাড়িতে ঢুকে এলোপাতাড়ি কোপাতে থাকে এবং বেশ কয়েকটি ঘরে ভাঙচুর করে।

‎আহত নুরু মিয়ার ভাই নাসির ভূঁইয়া জানান, তিনি এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে অষ্টগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন।

‎এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, “ঘটনার খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *