এটিভি অনলাইন ডেক্স:

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কয়েকটি গ্রামে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ২১ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিলাশপুর, হারিনাতেলী ও নল্যা মাধববাড়ী এলাকায় একটি পাগলা কুকুর পথচারীদের ওপর হঠাৎ হামলা চালাতে থাকে। এ সময় কুকুরটির কামড়ে নারী-শিশুসহ ২১ জন আহত হন।
ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ২০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ পাঠানো হয়েছে।
স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই শিশুদের ঘর থেকে বের হতে নিষেধ করছেন। প্রশাসনের পক্ষ থেকে এলাকায় কুকুরটি ধরার চেষ্টা চলছে বলে জানা গেছে।
