আলম মাহবুব, অষ্টগ্রাম প্রতিনিধি:

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হলো ‘পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)’ এর আওতায় উপজেলা পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান। ৩০ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ, বুধবার, এ আয়োজনে উপজেলার ২৯ জন শিক্ষার্থীকে তাদের অসাধারণ একাডেমিক পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত জেলা শিক্ষা অফিসার জনাব শামছুন নাহার মাকছুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আবুল কাশেম এবং অষ্টগ্রাম উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ নূরে আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: দিলশাদ জাহান।
অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস, কিশোরগঞ্জ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই কৃতীদের মধ্যে লুকিয়ে আছে ভবিষ্যতের নেতৃত্ব। শুধু ভালো ফল নয়, ভালো মানুষ হয়ে দেশের জন্য কিছু করার ব্রত নিতে হবে।”

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, “এই পুরস্কার কেবল সম্মাননা নয়, বরং একটি বার্তা—যে পরিশ্রম করলে প্রাপ্তি নিশ্চিত। আপনারা আরও ভালো করবেন, আমরা পাশে আছি।”
পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। উপস্থিত অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে ছিল আনন্দ ও গর্বের অনুভূতি।
এই অনুষ্ঠান প্রমাণ করে, অষ্টগ্রামের শিক্ষার্থীরাও যদি সুযোগ ও অনুপ্রেরণা পায়, তাহলে তারা জাতীয় পর্যায়েও আলো ছড়াতে পারে।
