কুলিয়ারচরে জমিতে কাজ করার সময়‎ বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

কুলিয়ারচর প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার তারাকান্দি এলাকায় এই দৃর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন-রামদী ইউনিয়নের পূর্ব তারাকান্দি গ্রামের মৃত আঃ হাশিমের ছেলে শাহাবুদ্দিন মিয়া (৭০) এবং একই এলাকার সুরুজ আলীর ছেলে মজলু মিয়া (৬০)।

‎স্থানীয়রা জানায়, দুইজন নিয়মিত জমিতে কৃষিকাজ করতেন। ঘটনার দিন বিকেলে তারা জমিতে কাজ করছিলেন। এ সময় জমির উপর দিয়ে যাওয়া গ্রামের আঙ্গুর মিয়ার সেচ পাম্পে সংযুক্ত বৈদ্যুতিক তারটি কিছুটা উঁচুতে ঝুলে ছিল এবং কিছু অংশ মাটিতে পড়ে ছিল। অসাবধানতাবশত: শাহাবুদ্দিন মিয়া মাটিতে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মজলু মিয়াও বিদ্যুতের সংস্পর্শে ঘটনাস্থলেই প্রাণ হারান।

‎খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

‎এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আদনান আখতার জানান, আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিদ্যুৎপৃষ্টে নিহত দুটি মৃতদেহ নিয়ে আসেন পুলিশ। পরে পরিবারের আবেদনের ভিত্তিতে দুইজনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

‎এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ, সেচপাম্প মালিক আঙ্গুর মিয়া নিয়মবহির্ভূতভাবে এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুতের লাইনটি স্থাপন করেন। এই অবস্থায় দীর্ঘদিন ধরে ওই লাইন দিয়ে পানি উত্তোলন করা হচ্ছিল। সেচপাম্প মালিক ও সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের গাফিলতির জন্য আজ এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো।

‎এ ঘটনায় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ ফোর্স গিয়ে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ দুটি হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *