‎রাষ্ট্রীয় শোকেও উদাসীন অষ্টগ্রাম: পতাকা তোলেনি একাধিক শিক্ষা ও সরকারি প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:

‎উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু প্রাণহানির ঘটনায় আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। এই প্রেক্ষিতে দেশজুড়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা থাকলেও কিশোরগঞ্জের অষ্টগ্রামে দেখা গেলো তার ভিন্ন চিত্র।

উপজেলার বেশ কিছু সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে আজ জাতীয় পতাকা উত্তোলনই করা হয়নি, অর্ধনমিত রাখা তো দূরের কথা। এর মধ্যে ব্রক্ষ্মপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিশেষভাবে উল্লেখযোগ্য।

এছাড়াও পতাকা উত্তোলন না করায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, সমাজসেবা অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর, মৎস্য কর্মকর্তার কার্যালয়,খাদ্য নিয়ন্ত্রক দপ্তর, বিআরডিসি অফিস, পল্লী ভবন এবং সদর ইউনিয়নের পোস্ট অফিসের প্রতি।

স্থানীয় অনেকেই বলছেন, “এটি শুধু দায়িত্বে অবহেলা নয়, বরং জাতীয় শোকের প্রতি চরম অবমাননা।”

প্রশ্ন উঠছে—কেন এমন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নির্দেশনা অনুসরণ করা হয়নি? এটি কী কেবল প্রশাসনিক গাফিলতি, নাকি দায়িত্বে একধরনের উদাসীনতা?

এই বিষয়ে প্রশাসনের কোনো কর্মকর্তা বা দপ্তর থেকে এখনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
তবে, সদর পোস্ট অফিসের পোস্ট মাস্টার মোঃ নজরুল ইসলাম অবহেলার কথা স্বীকার করে পরবর্তীতে আর হবে না বলে সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *