এটিভি অনলাইন ডেক্স:

উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন | ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার (২১ জুলাই) বিকেলে এক শোকবার্তায় রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি তিনি শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান।

ঘটনাটি ঘটে দুপুর ১টার কিছু পর। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, উড্ডয়নরত একটি প্রশিক্ষণ বিমান হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ভবনের ওপর আছড়ে পড়ে। সাথে সাথেই বিমান ও ভবনের একটি অংশে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় শিক্ষার্থীদের অনেকেই ভবনে অবস্থান করছিলেন। আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি বলে জানা গেছে। সর্বশেষ খবর অনুযায়ী, অন্তত ৫০ জন দগ্ধ হয়েছেন এবং তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দমকল বাহিনীর একাধিক ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।
