
মোঃ মাহবুব আলম, অষ্টগ্রাম প্রতিনিধি।
২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদ ইমন ও শহীদ তনয় দাসের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজ একটি বিশেষ গাছ রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শনিবার, ১৯ জুলাই, অষ্টগ্রাম উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন চত্বরে শহীদ দুই বীর সন্তানের নামে দুটি আমগাছের চারা রোপণ করা হয়।

এ আয়োজনের মধ্য দিয়ে শহীদদের আত্মত্যাগকে স্মরণে রেখে পরিবেশ রক্ষার বার্তাও দেওয়া হলো নতুন প্রজন্মের উদ্দেশে।

গাছ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ দিলশাদ জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, শহীদ পরিবারের সদস্যরা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে ইউএনও বলেন,
“শহীদ ইমন ও তনয় দাস কেবল একটি সময়ের প্রতীক নন, তাঁরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসের নাম। আজকের এই গাছ দুটি তাঁদের স্মৃতিকে ধরে রাখবে শতাব্দীর পর শতাব্দী।”
শহীদ পরিবারের সদস্যরা আবেগঘন কণ্ঠে তাঁদের সন্তানদের স্মৃতিচারণা করেন এবং এই উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, শহীদদের স্মরণে এই ধরণের অর্থবহ কর্মসূচি শুধু স্মৃতিকে জীবিত রাখে না, এটি সমাজে দায়বদ্ধতার চেতনাও জাগিয়ে তোলে।
এই গাছ রোপণ কার্যক্রম ছিল এক প্রকার মৌন প্রতিজ্ঞা—যেখানে শহীদদের রক্তের ঋণ স্মরণ করে, নতুন দিনের স্বপ্নকে বাঁচিয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
