
এটিভি অনলাইন ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “গোপালগঞ্জে আমাদের ওপর হামলার যারা সমর্থন দিয়েছে বা খুনিদের পক্ষ নিয়েছে, তারা আওয়ামী লীগের শত্রু তালিকায় নেই। কিন্তু আমরা আছি। আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় ফিরে আসে, তবে সেটা আমাদের জন্য মৃত্যু পরোয়ানা নিয়ে আসবে। তাই আপনি যেমনভাবে ভদ্রতা দেখান, আমি তেমনটা দেখাবো না।”

১৮ জুলাই বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। জুলাই মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে এনসিপির নেতাকর্মীরা এই সমাবেশে অংশ নেন।
আওয়ামী লীগের জন্য ‘তওবার পথ বন্ধ’ বলে মন্তব্য করে হাসনাত বলেন, “স্বাভাবিক বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের পতন হয়নি। তারা ক্ষমতা হারিয়েছে এক ধরনের অভ্যুত্থানের মধ্য দিয়ে। তাই তাদের আর গণতান্ত্রিকভাবে ফিরিয়ে আনার সুযোগ নেই। গোপালগঞ্জের ঘটনার পর তাদের জন্য তওবার সব দরজা বন্ধ হয়ে গেছে। কেয়ামতের পর যেমন তওবা কবুল হয় না, আওয়ামী লীগের ক্ষেত্রেও তেমনই।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের রাজনীতির পুনর্গঠন হবে সেই সময় থেকেই, যেদিন আওয়ামী লীগ ছাড়া রাজনীতির পথে যাত্রা শুরু হবে। সেই সময় থেকেই অর্থনীতি, উন্নয়ন ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হবে। আমরা ‘বাংলাদেশ উইথআউট আওয়ামী লীগ’ গঠনের কাজ শুরু করেছি।”

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে, বিকালে এনসিপি নেতাকর্মীরা নিতাইগঞ্জ থেকে পদযাত্রা শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়ায় গিয়ে শেষ করেন কর্মসূচি।
