
এটিভি অনলাইন ডেক্স:
১৮ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় জাতীয় সমাবেশ সামনে রেখে দলীয় নেতাকর্মীদের জন্য ২১ দফা নির্দেশনা জারি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনাগুলো জানানো হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়, সকল নেতাকর্মীকে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত থেকে মাঠ কানায় কানায় পূর্ণ করতে হবে। বৃষ্টি হলেও কাউকে স্থান ছাড়তে নিষেধ করা হয়েছে। সমাবেশে শুধুমাত্র জাতীয় পতাকা প্রদর্শনের অনুমতি থাকবে; অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে স্লোগান নিষিদ্ধ করা হয়েছে। বয়স্ক ও শিশুদের অগ্রাধিকার দেওয়ার কথাও বলা হয়েছে।

সমাবেশস্থলের চারপাশে ১৫টি মেডিকেল বুথ এবং প্রয়োজনে চিকিৎসাসেবা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবকদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবং সকলকে ব্যক্তিগতভাবে খাবার ও পানি বহনের পরামর্শ দেওয়া হয়েছে।
সমাবেশ শেষে দ্রুত স্থান ত্যাগ করার নির্দেশনার পাশাপাশি কয়েকজন দায়িত্বশীলের সঙ্গে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য মোবাইল নম্বরও প্রকাশ করা হয়েছে।
এদিকে, বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার বাস ও মাইক্রোবাসে কর্মী-সমর্থকরা ঢাকায় আসবেন। এজন্য পরিবহন সংক্রান্ত পৃথক নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, গাড়ির সামনের দিকে অঞ্চলের নাম, ড্রপিং পয়েন্ট, পার্কিং এলাকা ও চালক ও দায়িত্বপ্রাপ্তদের মোবাইল নম্বরসহ স্টিকার লাগানো বাধ্যতামূলক। গাড়িগুলো একত্রে রওনা হওয়া, নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানো এবং নির্ধারিত স্থানে পার্কিং নিশ্চিত করার দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকার বিভিন্ন প্রবেশপথে—যেমন সায়েদাবাদ, পোস্তগোলা, গাবতলী, কমলাপুর, মহাখালী, উত্তরা আজমপুরসহ ১০টি পয়েন্টে অভ্যর্থনা কেন্দ্র স্থাপন করা হবে। সমাবেশে আগতরা প্রয়োজনে এসব কেন্দ্র থেকে সহযোগিতা নিতে পারবেন।
