পদ্মা চরে সেনা অভিযানে কাকন বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার অস্ত্র-মাদক ও নগদ টাকা

নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার মোল্লাপাড়া চরে সেনাবাহিনীর টানা ১২ ঘণ্টার বিশেষ অভিযানে কাকন বাহিনীর দুই সক্রিয় সদস্যকে অস্ত্র ও মাদকসহ আটক করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নাটোর ও পাবনা সেনা ক্যাম্পের যৌথ টহল দল এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন—আশরাফুল ইসলাম বাপ্পি (২৮) ও মেহফুজ হক সোহাগ (৩৯)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পাকিস্তানি রিভলভার (.২২ মিমি), একটি ভারতীয় পিস্তল (৭.৬৫ মিমি), একটি ডাবল ব্যারেল শাটার গান, ৪৮ রাউন্ড গুলি, ১৭টি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা।

‎এছাড়া উদ্ধার করা হয়েছে মাদক সেবনের সরঞ্জাম, মোবাইল ফোন, চেকবই, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, তিনটি ইঞ্জিনচালিত নৌকা এবং নগদ ১২ লাখ টাকার বেশি। অভিযানের সময় একটি মানুষের খুলি উদ্ধারের কথাও জানানো হয়েছে।

অভিযান শেষে আটক ব্যক্তিদের ও জব্দ মালামাল লালপুর থানায় হস্তান্তর করা হয়। লালপুর থানার ওসি মমিনুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।

‎উল্লেখ্য, কাকন বাহিনী দীর্ঘদিন ধরে পদ্মার চরাঞ্চলে সন্ত্রাস, চাঁদাবাজি, ফসল ও মাছ লুটসহ নানা অপরাধে জড়িত ছিল বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *