
এটিভি অনলাইন ডেক্স:
ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নানা অনিয়মের অভিযোগে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্সমেন্ট টিম। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এই দলটি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দুর্নীতির প্রমাণ সংগ্রহ করে।
অভিযানে দেখা যায়, সিটি স্ক্যানের প্রয়োজনীয় ওষুধ ও যন্ত্রাংশ যথাযথভাবে সরবরাহ না করে কিছু কর্মচারী রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে। বিষয়টি জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট টেকনোলজিস্টরাও স্বীকার করেছেন।

এছাড়া হাসপাতাল প্রাঙ্গণে দালাল ও বহিরাগতদের সক্রিয় উপস্থিতি দুদকের নজরে আসে। অভিযান চলাকালীন অনিয়মের বিষয়গুলো হাসপাতালের পরিচালককে অবহিত করা হয় এবং কমিশনের পক্ষ থেকে সেবা মান বাড়ানো ও দুর্নীতি রোধে প্রস্তাবনা দেওয়া হয়।
ক্রয় সংক্রান্ত কিছু নথিপত্রও সংগ্রহ করেছে দুদকের টিম, যা বিশ্লেষণ করে কমিশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। এতে হাসপাতাল সেবায় অনিয়ম ও আর্থিক দুর্নীতির বিষয়টি বিস্তারিত উল্লেখ থাকবে।
