
এটিভি অনলাইন ডেস্ক:
গোপালগঞ্জে চলমান অস্থিরতার কারণে কারফিউর মেয়াদ আরও একদিন বাড়িয়েছে জেলা প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। তবে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ আংশিক শিথিল থাকবে।

জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামানের অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য, বুধবার (১৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সমাবেশ পরবর্তী সংঘর্ষে চারজন নিহত হন। গোপালগঞ্জ আধুনিক সদর হাসপাতালের পরিচালক ডা. জীবিতেশ জানান, আহত অবস্থায় হাসপাতালে আনা চারজন মারা যান। তবে পোষ্টমর্টেম ছাড়াই স্বজনরা লাশ নিয়ে যায়, যার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ পরিচয় নিশ্চিত করতে পারেনি।

ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক তল্লাশি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত সংঘর্ষে জড়িত সন্দেহে ২৫ জনকে আটক করেছে পুলিশ। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, “আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছি। কেউ দায় এড়াতে পারবে না।”
সংঘর্ষে নিহত বা আহতদের পক্ষ থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানানো হয়েছে। সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান বলেন, “কোনো পক্ষ থেকে অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে এনসিপি নেতাকর্মীরা গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে অবরোধ করলেও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তার ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান এবং বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।
সরকার এ ঘটনাকে “অমার্জনীয়” হিসেবে আখ্যা দিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, “কাউকে ছাড় দেওয়া হবে না।” এরই মধ্যে সারা দেশে অভিযানে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
