
এটিভি অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলের আমির ডা. শফিকুর রহমান সমাবেশে সভাপতিত্ব করবেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “দীর্ঘ দমন-পীড়নের পথ পেরিয়ে আমরা আজ জাতীয় সমাবেশ আয়োজনের সুযোগ পেয়েছি। দেশের জনগণ, প্রশাসন এবং গণমাধ্যমের সহায়তায় এ আয়োজন সম্ভব হচ্ছে।”

তিনি বলেন, এই সমাবেশ থেকে সাত দফা দাবি জানানো হবে, যার মধ্যে রয়েছে—
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক ভারসাম্য তৈরি, গত কয়েক দশকে সংঘটিত সকল গণহত্যার বিচার, রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার, জুলাই সনদও ঘোষণাপত্র বাস্তবায়ন, আন্দোলনে নিহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন।

সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা বলেন, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে সংস্কার অপরিহার্য। তারা আশঙ্কা প্রকাশ করেন, যদি এই সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, তবে গণতন্ত্র আবারও হুমকির মুখে পড়বে।
পিআর পদ্ধতি প্রসঙ্গে পরওয়ার বলেন, “এই পদ্ধতিতে কালো টাকা ও পেশিশক্তির দৌরাত্ম্য কমবে। যোগ্য ব্যক্তিরা সংসদে প্রবেশের সুযোগ পাবেন।”
তিনি আরও জানান, সারাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ সমাবেশে অংশ নিতে ঢাকায় আসবেন। এতে কিছু যানজট ও জনদুর্ভোগের আশঙ্কা থাকলেও তারা সব আয়োজন সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করবেন।
