মা ইলিশ সংরক্ষণ অভিযান: লৌহজংয়ে ২২ দিনে ৩৭ জেলের কারাদণ্ড, ২০ জনের বিরুদ্ধে মামলা

এটিভি অনলাইন ডেস্ক

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ২২ দিনের অভিযানে ৩৭ জেলেকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ২০ জেলেকে আটক করে নিয়মিত মামলা করেছে মাওয়া নৌ-পুলিশ। এ সময় ৯ লাখ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৪১ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা চলাকালে পরিচালিত অভিযানে মোট ৫৭ জন জেলেকে আটক করা হয়। তাঁদের মধ্যে ১২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৭ জনকে কারাদণ্ড দেওয়া হয় এবং বাকি ২০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষেধাজ্ঞা বাস্তবায়নে ২২ দিনে মোট ২০টি অভিযান পরিচালনা করা হয়েছে। এ ছাড়া মাছঘাটে ১৩ বার, আড়তে ২৩ বার এবং বাজারে ৭৩ বার পরিদর্শন করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহ।

জব্দ করা মা ইলিশ বিভিন্ন মাদ্রাসা ও স্থানীয় দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। অন্যদিকে, জব্দ করা অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *