আল-মামুন খান, স্টাফ রিপোর্টার:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মের ১২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিসান আলী।
সভায় জানানো হয়, ২৫ মে ২০২৬ থেকে ২৪ মে ২০২৭ সাল পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
এর অংশ হিসেবে আগামী ৩১ আগস্ট সকাল ১০টায় দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর ধারাবাহিকতায় তাড়াইল উপজেলাতেও একই সময়ে আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।সভায় আগামী ৩১ আগস্ট সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রস্তুতি, অনুষ্ঠানস্থল, শৃঙ্খলা রক্ষা, সাংস্কৃতিক পরিবেশনা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা।সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, মানবতাবাদ, সাম্য ও অসাম্প্রদায়িক আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ বর্ষব্যাপী আয়োজন।
সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম নজরুলের সাহিত্য, সংগীত ও জীবনাদর্শ সম্পর্কে জানতে এবং তাঁর আদর্শ ধারণ করতে উৎসাহিত হবে।সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
