অষ্টগ্রামে মসজিদের মুয়াজ্জিনকে মারধরের অভিযোগ, খেলাফত মজলিস নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে মসজিদের দায়িত্বপ্রাপ্ত মুয়াজ্জিনকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা নির্বাহী সদস্য ও অষ্টগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তাফসির খানের বিরুদ্ধে। ‎‎

এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে অষ্টগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

‎‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বর্ধমান পাড়া জামে মসজিদে গত ৮ জুলাই ২০২৬, বুধবার এশার নামাজের পর এ ঘটনা ঘটে।‎‎

অভিযোগে উল্লেখ করা হয়, মসজিদের মুয়াজ্জিন আব্দুল হালিম খান আলিম পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ভৈরব উপজেলার কালিপুর এলাকায় অবস্থান করছিলেন। এ কারণে তিনি সাময়িকভাবে তাঁর বাবা মো. ফরিদ খানকে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে যান।‎‎

দায়িত্বরত মুয়াজ্জিন মো. ফরিদ খান জানান, এশার নামাজ শেষে প্রায় আধঘণ্টা অপেক্ষা করার পর মসজিদে তালা দেওয়ার প্রস্তুতি নেন। এ সময় মাওলানা তাফসির খান একজন সহযোগীকে সঙ্গে নিয়ে নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসেন। তখন তালা দেওয়ার বিষয়টি জানালে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।‎‎

একপর্যায়ে অভিযোগ অনুযায়ী, মাওলানা তাফসির খান ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তি মিলে মসজিদে থাকা একটি স্টেইনলেস স্টিল (এসএস) পাইপ দিয়ে ফরিদ খানকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।‎‎

স্থানীয়দের দাবি, ফরিদ খানের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।‎‎

এ ঘটনায় আহত ফরিদ খানের স্ত্রী মোছা. ছানা বিবি (৭২) বাদী হয়ে অষ্টগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎‎অভিযুক্ত মাওলানা তাফসির খান (৪৫) উপজেলার সদর ইউনিয়নের বর্ধমান পাড়া গ্রামের মৃত মনা খানের ছেলে। তিনি বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা নির্বাহী সদস্য এবং অষ্টগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক।‎‎

এ বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‎‎

অভিযুক্ত মাওলানা তাফসির খানের বক্তব্য জানার চেষ্টা করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর মন্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *