অষ্টগ্রামে চাচাতো দুই ভাইয়ের বিরোধে প্রাণ গেল একজনের, হত্যা মামলায় আটক ১

নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে চাচাতো দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ধাক্কাধাক্কির ঘটনায় মহসিন মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত চাচাতো ভাই মহিউদ্দিন (২৭)-কে আটক করেছে পুলিশ।‎‎

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে আনোয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে।‎‎

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মহসিন মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মহিউদ্দিনের একটি ছোট গাছ কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়।

স্থানীয়দের দাবি, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলছিল। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি হলে মহসিন মিয়া হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। ‎‎স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।‎‎

নিহতের মা রুবা আক্তার অভিযোগ করেন, গাছ কাটাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের সময় ধাক্কাধাক্কির পরই তার ছেলে মাটিতে পড়ে মারা যান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‎‎নিহতের স্ত্রী সাহানা আক্তার বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।‎‎পারিবারিক সূত্রে জানা যায়, মহসিন মিয়া পাঁচ সন্তানের জনক। তার বড় মেয়ে মাইশা আক্তার বাঙ্গালপাড়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।‎‎

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান জানান, চিকিৎসকের প্রাথমিক পর্যবেক্ষণে মরদেহে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শনেও দৃশ্যমান কোনো আলামত মেলেনি। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।‎‎

তিনি আরও জানান, নিহতের মা বাদী হয়ে অষ্টগ্রাম থানায় মামলা নং-০৭, তারিখ ৭ জুলাই ২০২৬, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর অভিযুক্ত মহিউদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *