এটিভি অনলাইন ডেস্ক

বরগুনার আমতলী উপজেলায় একটি ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম চিলা গ্রামের মুকুন্দ বাইনের ধানক্ষেতে এক নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পরে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। প্রাথমিকভাবে তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. হারুন অর রশিদ খান বলেন, ওই নারীকে এলাকার কেউ শনাক্ত করতে পারেননি। তিনি কীভাবে সেখানে এলেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
