অদৃশ্য শক্তির দখলে সড়ক, প্রশাসন অন্ধ

নিজস্ব প্রতিনিধি।

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত অষ্টগ্রাম উপজেলার কাস্তুল শান্তিনগর থেকে বাহাদুরপুর বাজার পর্যন্ত রোডস অ্যান্ড হাইওয়ের প্রধান সড়কটি অদৃশ্য শক্তির দখলে চলে গেছে। সড়কের মাঝখানে পাথর ও বালুর স্তূপ ফেলে রাখায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করা শত শত মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।

‎স্থানীয়দের অভিযোগ, কে বা কারা রাতের অন্ধকারে এই পাথর ও বালু এনে সড়কের মাঝখানে রেখে গেছে—তা কেউ নিশ্চিতভাবে জানে না। কিন্তু প্রশাসনেরও কোনো কার্যকর তৎপরতা নেই। দীর্ঘদিন ধরে সড়কে এভাবে পাথর-বালু পড়ে থাকলেও সেগুলো অপসারণে কোনো পদক্ষেপ দেখা যায়নি।

‎একজন স্থানীয় পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তাটা এখন চলাচলের জন্য ভয়ংকর হয়ে গেছে। একটু অসাবধান হলেই দুর্ঘটনা ঘটতে পারে। অথচ প্রশাসনের কোনো নজর নেই।”

‎সড়ক দিয়ে চলাচলকারী চালকরাও জানিয়েছেন, রাতে আলো কম থাকায় পাথর-বালুর স্তূপ চোখে পড়ে না, এতে দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। বিশেষ করে মোটরসাইকেল ও ভ্যান-রিকশা চালকদের জন্য এটি প্রাণঘাতী ফাঁদে পরিণত হয়েছে।

‎এ বিষয়ে জানতে চাইলে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ দিলশাদ জাহান বলেন, “আমি এ বিষয়ে এখনো কিছু জানি না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

‎স্থানীয়দের দাবি, সড়ক দখল করে রাখা এই পাথর-বালু অবিলম্বে সরিয়ে চলাচল স্বাভাবিক করতে হবে। একই সঙ্গে এই অদৃশ্য শক্তির পেছনের দায়ীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে হবে, নইলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে সময় লাগবে না।

‎উল্লেখ্য, কাস্তুল–শান্তিনগর সড়কটি অষ্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। এই সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ হাজারো মানুষ যাতায়াত করে থাকে। সড়ক অবরুদ্ধ থাকায় সাধারণ মানুষ এখন আতঙ্ক আর দুর্ভোগে দিন কাটাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *