তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আদিতমারীতে গণমিছিল ও সমাবেশ

এস,আর শরিফুল ইসলাম রতন

জাগো বাহে তিস্তা বাঁচাই’—এই স্লোগানকে সামনে রেখে তিস্তা নদী রক্ষা আন্দোলনের অংশ হিসেবে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল মাঠে এ কর্মসূচির আয়োজন করে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন, আদিতমারী উপজেলা শাখা’।

‎উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও আদিতমারী-কালিগঞ্জ আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল।
‎উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব সালেকুজ্জামান প্রামানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি প্রমুখ।

‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী বাবু, যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী, সদস্য সচিব হাসানুল হক বান্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়া রনি, ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিম ও সদস্য সচিব আমির হামজা নান্নুসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

‎সমাবেশ শেষে সরকারি আদিতমারী মডেল স্কুল মাঠ থেকে একটি বিশাল গণমিছিল বের হয়ে লালমনিরহাট–পাটগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
‎গণমিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

‎বক্তারা অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তা নদীর ন্যায্য পানিবণ্টনের দাবি জানিয়ে বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

‎উল্লেখ্য, তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর আহ্বানে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় এ দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপি ও স্থানীয় জনসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *