নিজস্ব প্রতিনিধি:

কিশোরগঞ্জের অষ্টগ্রামে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিককে অপমানজনক ও অশোভন আচরণের শিকার হতে হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শারদীয় দুর্গাপূজার দায়িত্ব বণ্টন প্রসঙ্গে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে গেলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিকরা হলেন—দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. নাদিরুজ্জামান আজমল এবং দৈনিক সকালের সময় এর প্রতিনিধি মাহবুব আলম। তাদের অভিযোগ, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো. রমজান মিয়া ক্ষিপ্ত হয়ে বলেন—
“আমরা বাথরুমে থাকব, বউ নিয়ে থাকব, তার মধ্যে সাংবাদিক আসবে কেন?”
এমন মন্তব্যের মাধ্যমে তিনি সরকারি কার্যালয়কেই ব্যক্তিগত বেডরুমে রূপান্তরের কুরুচিপূর্ণ ইঙ্গিত দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রমজান মিয়া পূর্বে কটিয়াদি উপজেলায় দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে ছিলেন। এমনকি তিনি নিজেও স্বীকার করেন, কটিয়াদিতে সাংবাদিকদের ওপর হামলার এক ঘটনায় তার সম্পৃক্ততা ছিল।
অভিযোগ প্রসঙ্গে জেলা আনসার ভিডিপি কমান্ডার জানান, তিনি বিষয়টি জেনেছেন, তবে ব্যস্ততার কারণে এখনও কোনো পদক্ষেপ নিতে পারেননি। অন্যদিকে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বুলবুলি আক্তার প্রশিক্ষকের পক্ষ নিয়ে বিষয়টি এড়িয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলশাদ জাহান বলেন—
“আপনারা লিখিত অভিযোগ দিন, আমি বিষয়টি আনসার ভিডিপি কর্তৃপক্ষকে জানাব। এখানে আমি সরাসরি কোনো সিদ্ধান্ত নিতে পারব না।”
সাংবাদিকরা জানিয়েছেন, রমজান মিয়ার অশোভন বক্তব্য ও আচরণ তাদের ক্যামেরায় রেকর্ড রয়েছে। স্থানীয়রা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সাংবাদিক মহল এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সচেতন মহলের মতে, সরকারি দায়িত্বশীল একজন কর্মকর্তার মুখে এ ধরনের মন্তব্য শুধু অশোভনই নয়, বরং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকির ইঙ্গিত বহন করে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দায়ী কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
