নিজস্ব প্রতিনিধি।

কিশোরগঞ্জের অষ্টগ্রামে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশ অষ্টগ্রাম উপজেলা শাখার নবগঠিত কমিটি গঠিত হয়েছে। ভোটগ্রহণ শেষে সর্বাধিক ভোটপ্রাপ্তদের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন প্রার্থী। এর মধ্যে কেফায়েতুল্লাহ সর্বাধিক ১৫১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। অপর দুই প্রার্থী আসাদুল্লাহ পান ৭০ ভোট এবং আবদুল বাসেত পান ৭১ ভোট।
সাধারণ সম্পাদক পদে খালেদ সাইফুল্লাহ আমিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি ২০৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যদিকে ফয়েজ উদ্দিন পেয়েছেন ৮৪ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মুফতি জিয়া এনাম ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্য দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হোসাইন আহমেদ ৫৩ ভোট এবং রফিকুল ইসলাম ৫৬ ভোট পান।
এছাড়া, নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আ. রহমান এবং উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহাদাত হোসাইন।
এই নির্বাচনকে ঘিরে স্থানীয়ভাবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ভোটগ্রহণে অংশ নেয় বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধি সদস্যরা। নির্বাচনের মাধ্যমে গঠিত এ কমিটির নেতৃত্বে সংগঠনটি নতুন উদ্যমে এগিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এবিষয়ে নবনির্বাচিত সভাপতি মাওঃ কেফায়েতুল্লাহ বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ অষ্টগ্রাম উপজেলা শাখার সকল নেতাকর্মীদের মধ্যে যে ঐক্য বিদ্যমান রয়েছে সেই ঐক্যকে ধরে রেখে সাংগঠনিক সকল দায়িত্ব পালনে সর্বদা নিয়োজিত থাকব।
সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ বলেন, অষ্টগ্রাম উপজেলার ৮টি ইউনিয়নে কওমি মাদ্রাসার বর্তমানে ২ হাজারের অধিক আলেম আছে তাদেরকে নিয়ে ইসলামের বিরুদ্ধে কেউ যদি কোনো কটুক্তি করে তার মোকাবিলা করব ইনশাআল্লাহ।
সাংগঠনিক সম্পাদক মুফতি জিয়া এনাম বলেন, আমরা অষ্টগ্রাম উপজেলার সকলকে নিয়ে ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে কাজ করব।
উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাও: সাব্বির আহমদ রশিদ, কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক, হিফজুর রহমান খান, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মমিন শের জাহান। জেলার সাংগঠনিক সম্পাদক মাও: আব্দুর রহিম প্রমুখ।
