নিজস্ব প্রতিনিধি।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের সাম্প্রতিক কিছু বক্তব্য নিয়ে দলের ভেতর অসন্তোষ তৈরি হয়েছে। এ প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (২৪ আগস্ট) বিএনপির একটি দপ্তর সূত্র জানায়, ফজলুর রহমানের বক্তব্যে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা, শহীদদের আত্মত্যাগ ও দলের নীতির সঙ্গে সাংঘর্ষিক মত প্রকাশ পেয়েছে। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তার মন্তব্য জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে এবং তা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা বলে মনে করা হচ্ছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী শহীদ ও আহত হয়েছেন। এই আন্দোলনের গৌরবময় ইতিহাসকে বারবার অপমান করছেন ফজলুর রহমান। পাশাপাশি, তার কিছু বক্তব্য ধর্মীয় অনুভূতিতেও আঘাত করেছে বলে দলীয় সূত্রের দাবি।
ফলে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শিয়ে লিখিত জবাব কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে তাকে।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও অ্যাডভোকেট ফজলুর রহমানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
