লালমনিরহাটে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে  ত্রাণ বিতরন করলেন আসাদুল হাবিব দুলু

এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট।

লালমনিরহাটের তিস্তা নদী তীরবর্তী খুনিয়াগাছ ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা বিএনপি। রবিবার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে  ৫০০ পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সভাপতিত্ব করেন খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি মালেক হোসেন। এছাড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল হোসেন প্রামাণিকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ দুলু বলেন,
‎“তিস্তা একসময় এ অঞ্চলের মানুষের জীবিকা ও আশীর্বাদের উৎস ছিল। নদীতে মাছ পাওয়া যেত, মাঝিরা ভাটিয়ালি গান গাইত। অথচ এখন তিস্তা নদী মানুষের দুঃখ-দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে। উজান থেকে নেমে আসা ঢলে একের পর এক বন্যায় মানুষ ভিটেমাটি হারাচ্ছে। আবার শুষ্ক মৌসুমে নদী পরিণত হয় ধু-ধু বালুচরে। এ বাস্তবতা মানুষকে দুই দিকেই ক্ষতিগ্রস্ত করছে।”

‎তিনি আরও বলেন,
‎“তিস্তার ভাঙনে হাজারো মানুষ বাপ-দাদার ভিটে, বাড়িঘর, কবরস্থান, মসজিদ-মন্দির হারিয়েছে। এমনকি বহু জীবন নদীগর্ভে বিলীন হয়েছে। অথচ এতদিন এই নদীকে ঘিরে টেকসই কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। রাজনৈতিক কারণে দীর্ঘদিন আমাদেরও এ বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হয়নি।”

‎দুলু দাবি করেন, বিএনপির উদ্যোগে আয়োজিত ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ কর্মসূচির পর সরকার ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন হলে বন্যা ও ভাঙনকবলিত মানুষের দুঃখ-দুর্দশা অনেকটাই কমে আসবে। একইসাথে কৃষি, কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *