নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঐতিহাসিক খান্দুরা হাভেলীতে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে লেখক ও গবেষক সৈয়দ আহমদ বখত (মতিন) রচিত “খান্দুরা হাভেলির ইতিহাস” গ্রন্থের মোড়ক। বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন শ্রম ও আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজিরাতুল কুদসিয়া দরবার শরীফের পীর সৈয়দ মাসুদ বস্তু কায়েদ (মাঃ আঃ)। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ কাউসার মুস্তফা আবুল উলায়ী। বক্তব্য দেন অষ্টগ্রাম হাভেলীর চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, ইসলামি ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান, ফান্দাউক দরবার শরীফের পীর মুফতি সৈয়দ মঈন উদ্দিন আল হোসাইনী এবং সাংবাদিক ও গবেষক তরুণ সরকার।
বিশ্ব লালন সংঘের প্রকাশনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রকাশক আবদেল মাননান সঞ্চালনার দায়িত্ব পালন করেন। খান্দুরা হাভেলিসহ দেশের বিভিন্ন হাভেলীর পীর ও মাশায়েখগণ এতে উপস্থিত ছিলেন।
গ্রন্থের লেখক সৈয়দ আহমদ বখত (মতিন) বলেন, “হাভেলীগুলো দেশের ইতিহাস ও ঐতিহ্যের জীবন্ত স্মারক। সুফি সাধনা, আধ্যাত্মিক চর্চা এবং রাষ্ট্রীয় ইতিহাসে এগুলোর অবদান অনস্বীকার্য। এই ঐতিহ্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতেই বইটি রচিত।”
অনুষ্ঠান শেষে সারারাতব্যাপী জিকিরে হোসাইন মাহফিল অনুষ্ঠিত হয় এবং ফজরের পর বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দোয়ার মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।
