একরাতেই ফিরিয়ে আনা হল লুটের ১২ হাজার ঘনফুট পাথর

এটিভি অনলাইন ডেস্ক:

সিলেটের পর্যটনকেন্দ্র সাদা পাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছে যৌথবাহিনী।
‎অভিযানে ধলাই নদীর তীরবর্তী বিভিন্ন স্থান থেকে ১২ হাজার ঘনফুট লুটের পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পাথর পুনরায় ধলাই নদীতে ফেলা হয়েছে।

‎বুধবার (১৩ আগস্ট) রাত ১২টার পর থেকে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

‎কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার বলেন, পাথর লুটের ঘটনায় ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বুধবার রাতে যৌথবাহিনীর সহযোগিতায় অভিযান চালায় ওই কমিটি। এসময় লুট হওয়া ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়। পরে ভোলাহাটের সাদা পাথর এলাকা ও ধলাই নদীর বিভিন্ন স্থানে উদ্ধারকৃত পাথর প্রতিস্থাপন করা হয়।

‎এর আগে বুধবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজে এক জরুরি সমন্বয় সভায় পাথর উদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও সভায় সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনী দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

‎প্রশাসনের জরুরি বৈঠক শেষে রাত ১২টার পর থেকে অভিযানে নামে জেলা প্রশাসন ও যৌথবাহিনী। সিলেট নগরী ও সাদা পাথর এলাকায় রাতভর অভিযান পরিচালনা করা হয়।

‎জানা গেছে, অভিযানে ধলাই নদীর তীরে বিভিন্ন স্থানে সাদা পাথর থেকে লুট করা স্তূপীকৃত পাথর জব্দ করা হয়। পরে সেগুলো সাদা পাথর এলাকায় নিয়ে ফের প্রতিস্থাপন করা হয়। এছাড়াও বুধবার রাত ১২টার পর থেকে সিলেট-ভোলাগঞ্জ সড়কের এয়ারপোর্ট এলাকায় সিলেট ক্লাবের সম্মুখে যৌথবাহিনী চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করে। এসময় বেশ কয়েকটি ট্রাক আটকে পাথর জব্দ করা হয়।

‎সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, সাদা পাথর থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। লুট করা পাথর উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *