লালমনিরহাটে ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য আটক

এস, আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট

লালমনিরহাটের কুলাঘাট চেকপোস্টে ১৫ বিজিবির বিশেষ অভিযানে প্রাইভেটকারে করে পাচারের সময় ৪০ কেজি ভারতীয় গাঁজাসহ একজন সাময়িক বরখাস্ত পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে বিজিবির বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট এলাকায় অভিযানে নামেন সদস্যরা। সন্দেহজনক একটি প্রাইভেটকার থামানোর নির্দেশ দিলে চালক পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে প্রাইভেটকারসহ আসামিকে আটক করা হয়।

‎আটক ব্যক্তির নাম মো. ইসমাইল হোসেন (৩৭), পিতা মো. আব্দুল হাকিম, গ্রাম মুরাড়িপুর, থানা মিঠাপুকুর, জেলা রংপুর। তার কাছ থেকে ৪০ কেজি গাঁজা (বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা), একটি প্রাইভেটকার (মূল্য ১৫ লাখ টাকা), দুইটি মোবাইল ফোন (মূল্য ২২ হাজার টাকা) এবং নগদ ১১ হাজার টাকা জব্দ করা হয়। মোট উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৬২ হাজার টাকা।

‎বিজিবি জানায়, আটক আসামি ও জব্দকৃত মালামাল লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরপূর্বক হস্তান্তর করা হয়েছে।

‎১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সবসময় সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। তিনি মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *