নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের নিকলীতে দৈনিক আমাদের সময় পত্রিকার সিনিয়র সাংবাদিক শেখ উবাইদুল হক সম্রাটের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে রবিবার (২৫ জুলাই) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে শেখ উবাইদুল হক সম্রাট লিখিত বক্তব্যে জানান, তিনি বিগত ১৫ বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। সমাজে ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ায় এবং মাদক, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লেখালেখি করায় একটি অসৎ চক্র তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে উঠে। তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ এনে গত ২৪ জুলাই তার বিরুদ্ধে মানববন্ধনের নামে নাটক সাজায়। মানববন্ধনকারীদের অর্থায়ন করেছে স্থানীয় মাদক ব্যবসায়ী ও অপরাধীচক্র।
তিনি বলেন, মানববন্ধনে অংশগ্রহণকারী কারপাশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জামাল সর্দার অভিযোগ করেন, তিনি তার কাছে ৭ লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন এবং সংবাদ প্রকাশ করে হয়রানি করেছেন। প্রকৃতপক্ষে, জামাল সর্দার নিজেই একটি সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন এবং ডিজিটাল সেন্টারের একজন উদ্যোক্তার কাছ থেকে ঘুষ না পেয়ে তাকে চাকরি থেকে বের করে দেন। এসব অনিয়মের তথ্য সংবাদ আকারে প্রকাশ করায় প্রতিহিংসার জেরে তিনি এখন মিথ্যা অভিযোগ তুলছেন।
এছাড়া বিএনপি কর্মী সাইফুল ইসলাম অভিযোগ করেন, সম্রাট তার কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছেন। তবে সাংবাদিক সম্রাট জানান, সাইফুল রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন টেন্ডার ও সরকারি সুবিধা আদায়ে প্রভাব খাটান। সম্প্রতি ধান ক্রয় কেন্দ্রে প্রকৃত কৃষকদের বঞ্চিত করে নিজের ধান বিক্রির চেষ্টার সময় সংবাদ সংগ্রহ করতে গেলে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। সেই ঘটনার জের ধরেই তিনি অপপ্রচারে লিপ্ত হয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, মানববন্ধনের অন্যতম বক্তা মঞ্জিল হোসেন, যিনি বর্তমানে একটি সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত। অতীতে তিনি ললিতকলা একাডেমির বরাদ্দ আত্মসাতের অভিযোগে আলোচিত ছিলেন। বর্তমানে বেকার অবস্থায় সাংবাদিক সমাজের সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।
শেখ উবাইদুল হক সম্রাট বলেন, এলাকার কিছু নামসর্বস্ব অপসাংবাদিক ও ফেসবুক অ্যাক্টিভিস্ট তাদের সহযোগিতা করছে, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচারে লিপ্ত। তিনি এসব মিথ্যা, ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
