কিশোরগঞ্জ প্রতিনিধি:

দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল শনিবার কিশোরগঞ্জে একটি পদযাত্রা ও সমাবেশের আয়োজন করেছে।
এই কর্মসূচিকে ঘিরে আজ শুক্রবার কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার মুক্তমঞ্চে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, মৌলভীবাজার থেকে দুপুরে যাত্রা শুরু করে এনসিপির কেন্দ্রীয় নেতারা সন্ধ্যার মধ্যে কিশোরগঞ্জে এসে পৌঁছাবেন।

এরপর পুরাতন স্টেডিয়ামে এক সংক্ষিপ্ত জমায়েতের মাধ্যমে পদযাত্রা শুরু হবে, যা শেষ হবে শহরের পুরান থানা মোড়ে গিয়ে। সেখানে অনুষ্ঠিত হবে একটি সমাবেশ। পুরো আয়োজনটিতে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক ইকরাম হোসেন জানান, পদযাত্রাটি হবে সুশৃঙ্খল ও সংক্ষিপ্ত পরিসরে। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট বাহিনীর সহায়তাও চাওয়া হয়েছে।
