অষ্টগ্রামে অর্ধগলিত নবজাতকের খণ্ডিত মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক:

আজ ২৩ জুলাই বুধবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় হৃদয়বিদারক এক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের উসমানপুর গ্রামে ভেসে ওঠে অজ্ঞাত এক নবজাতকের অর্ধগলিত ও খণ্ডিত দেহাংশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন গ্রামবাসী পানিতে অস্বাভাবিক কিছু ভেসে থাকতে দেখে কাছে গিয়ে বিষয়টি নজরে আনেন। পরে নিশ্চিত হয়ে তারা মরদেহের অংশটি কাদামাটি চাপা দিয়ে রাখেন। খবর পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এক কৃষকের জমি থেকে নবজাতকের দেহাংশ উত্তোলন করে।

এ ব্যাপারে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং প্রাথমিক তদন্ত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। এ ঘটনায় কে বা কারা জড়িত, সে বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার পর স্থানীয়দের মাঝে নানান প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। কেউ একে চরম নিষ্ঠুরতা বলছে, কেউবা সমাজের অবক্ষয়ের প্রতিচ্ছবি হিসেবে দেখছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নবজাতকের পরিচয় এবং দেহাংশের উৎস নিশ্চিত করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *