হাওরের তিন উপজেলায় ৮ ঘণ্টাব্যাপী বিদ্যুৎ বিভ্রাট, জনদুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের হাওরাঞ্চলের তিনটি উপজেলা—মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনায় আজ (শনিবার) দুপুর  থেকে টানা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। প্রায় ৮ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

পল্লী বিদ্যুৎ মিঠামইন জোনাল অফিস সূত্রে জানা গেছে, ৩৩ কেভি লাইনে ত্রুটির কারণে সকাল থেকে পুরো হাওরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এই দীর্ঘ বিভ্রাটে উপজেলার হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে শিশু ও বৃদ্ধদের কষ্ট সীমাহীন হয়ে উঠেছে। চিকিৎসা সেবা, ফ্রিজে সংরক্ষিত খাদ্যদ্রব্য নষ্ট হওয়াসহ মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারেও সমস্যা দেখা দিয়েছে।

‎পল্লী বিদ্যুৎ মিঠামইন জোনাল অফিস এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, “৩৩ কেভি লাইনে সমস্যা দেখা দেওয়ায় হাওরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধানে কাজ করছি। আশা করা যাচ্ছে, রাত ১১টা ৩০ মিনিটের পর থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করবে।”

‎উল্লেখ্য, হাওরাঞ্চল সবসময়েই প্রাকৃতিক দুর্যোগ ও অবকাঠামোগত দুর্বলতার কারণে পিছিয়ে থাকে। সেখানে বিদ্যুৎ বিভ্রাটের মতো দীর্ঘস্থায়ী সমস্যা নতুন করে জনজীবনকে অচল করে দিচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, নিয়মিতভাবে বিদ্যুৎ লাইনের সমস্যা দেখা দেয়, কিন্তু কোনো স্থায়ী সমাধান নেওয়া হচ্ছে না। তারা দ্রুত স্থায়ী সমাধান ও বিকল্প প্রস্তুতির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *