সৈয়দপুরে দুই কারখানাকে জরিমানা

এটিভি অনলাইন ডেস্ক

নীলফামারীর সৈয়দপুরে সম্পূর্ণ অপরিচ্ছন্ন পরিবেশ, অস্বাস্থ্যকর উপায়ে এবং কোনো ধরনের বৈধ লাইসেন্স ও অনুমোদন ছাড়াই চিপস ও চানাচুর উৎপাদন করার অপরাধে দুটি কারখানাকে মোট ১ লাখ ৫১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং নীলফামারী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবিএন) একটি চৌকস টিমের সহযোগিতায় সৈয়দপুর উপজেলার বিভিন্ন চিপস ও চানাচুর ফ্যাক্টরিতে এই ভেজালবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা গেছে, অনুমোদনহীনভাবে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ও অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদন করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানা দুটিকে এই জরিমানা করা হয়। এর মধ্যে ‘নাজ ফুড প্রোডাক্টস’-কে ১ লাখ টাকা এবং ‘লিটন ফুড প্রোডাক্টস’-কে ৫১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকলিমা বলেন, লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য উৎপাদনে সবাইকে নিরুৎসাহিত করতে এই অভিযান চালানো হয়েছে। সেই সঙ্গে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কারখানার মালিক ও শ্রমিকসহ সকলকে সচেতন করা হয়। জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *