
বিশেষ প্রতিনিধি:
গতকাল সোমবার কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে স্বীকৃতি পেল অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদ। পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মানিত উপ-পরিচালক জনাব খন্দকার মাহবুবুর রহমান। তিনি অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন।
২০২৪-২৫ অর্থবছরে পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়ন, মা-শিশুর স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধিসহ সামগ্রিকভাবে স্বাস্থ্য খাতে ইউনিয়নের ব্যাপক অবদানই ছিল এই স্বীকৃতির পেছনের মূল কারণ।

সম্মাননা অর্জন প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন,
“এই মহৎ স্বীকৃতি আমি আমাদের অষ্টগ্রাম সদর ইউনিয়নের প্রতিটি জনগণের প্রতি উৎসর্গ করছি। এই অর্জন আমার একার নয়, এটি ইউনিয়নবাসীর ঐক্য, সচেতনতা এবং আন্তরিক প্রচেষ্টারই ফল। স্বাস্থ্যসচেতন সমাজ গড়তে তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই সাফল্য সম্ভব হতো না।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, একটি স্বাস্থ্যসম্মত সমাজ গড়ে তোলার অন্যতম পূর্বশর্ত হলো পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবার মানোন্নয়ন। আমরা এই লক্ষ্যে কাজ করেছি এবং ভবিষ্যতেও একই অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে চাই।”
চেয়ারম্যান বাবু আরও জানান, ইউনিয়ন পরিষদ কর্তৃক পরিচালিত নিয়মিত স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক সভা, হেলথ ক্যাম্প, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কৈশোরকালীন স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সেবা এবং স্থানীয় পরিবার পরিকল্পনা সহকারী ও স্বাস্থ্যকর্মীদের নিবেদিত পরিশ্রমই এ সফলতার পেছনে বড় ভূমিকা রেখেছে।
এই স্বীকৃতি প্রাপ্তির মধ্য দিয়ে অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদ কিশোরগঞ্জ জেলার অন্য ইউনিয়নগুলোর জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

চূড়ান্তভাবে চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু সংশ্লিষ্ট সকল সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও অষ্টগ্রাম সদর ইউনিয়নের প্রতিটি নাগরিককে আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।